সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাই পৌরসভা নির্বাচনের মতো আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করবে। কারণ উন্নয়ন যেদিকে দেশের জনগণও সেদিকে।’
শুক্রবার দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে এক পথ সভায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী চৌমুহনী বাজারে চার লেন সড়কের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে বিষোদগার করার প্রতিযোগিতায় নেমেছেন বিএনপি নেতারা। তাদের দলীয় কাউন্সিলকে সামনে রেখে বেগম জিয়া ও তারেক জিয়াকে খুশি করার জন্য নেতারা এ প্রতিযোগিতায় নেমেছেন।’
চৌমুহনী পৌর মেয়র আখতার হোসেন ফয়সলের সভাপতিত্বে এতে বেগমগঞ্জের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।