ফ্রান্সের হোটেলে দুটি বন্দুকসহ গ্রেফতার ১

 
ফ্রান্সের ডিজনিল্যান্ড প্যারিস বিনোদন কেন্দ্রের একটি হোটেলে বৃহস্পতিবার দুটি হ্যান্ডগান, গুলি ও কোরআনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্যারিসের বাইরে এই বিনোদন কেন্দ্রটি অবস্থিত। প্যারিসের বাসিন্দারা নভেম্বর মাসে জিহাদি হামলায় ১৩০ জনের মৃত্যুর দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে না উঠতেই এই ঘটনাটি ঘটল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
হোটেল সূত্র জানায়, লোকটি 'ডিজনিল্যান্ডের ওই হোটেলে পৌঁছানোর পর তাকে সনাক্ত করা হয়। হোটেলের নিরাপত্তা কর্মীরা তার কাছে দুটি হ্যান্ডগান, একটি কোরআন ও গুলি পেয়েছে।'
 
ডিজনিল্যান্ড প্যারিস জানিয়েছে, হোটেলে প্রবেশের সময় লোকটি ব্যাগ স্ক্যান করলে বন্দুক দুটো ধরা পড়ে। পুলিশ সূত্রে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে এই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়নি।  লোকটি বলেছে, তার নিরাপত্তার কথা চিন্তা করেই এই বন্দুক দুটো সঙ্গে রেখেছিল। ফ্রান্সে নভেম্বর মাসে সন্ত্রাসী হামলার পর দেশটি উচ্চ সতর্কতাবস্থায় রয়েছে।
 
নভেম্বর মাসে প্যারিসে বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীরা ক্যাফে, একটি কনসার্ট ভেন্যু ও স্ট্যাড ডি ফ্রান্স ন্যাশনাল স্টেডিয়ামে হামলা চালায়। ওই ঘটনায় ১৩০ জনের মৃত্যু ও আরো কয়েকশ আহত হয়। ইসলামিক স্টেট গ্রুপ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
 
বৃহস্পতিবারের ঘটনায় পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং তার গাড়িটিকেও জব্দ করেছে। পুলিশের এক সূত্র জানিয়েছে, এরপর তারা ওই ব্যক্তির বান্ধবী সন্দেহে এক নারীকেও গ্রেফতার করে। তবে ভুল ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বুঝতে পেরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
 
ওই ব্যক্তি প্যারিসে বাস করে বলে তার কাগজপত্র থেকে জানা গেছে। তবে আর বিস্তারিত কিছু জানানো হয়নি। তার বান্ধবীকে এখনও খোঁজা হচ্ছে।
 
থিম পার্কের কাছে আর্ট ডেকো-স্টাইলের নিউইয়র্ক হোটেলে এই ঘটনা ঘটে। বিনোদন কেন্দ্রটি ফ্রান্সের রাজধানী থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮মাইল) পূর্বে অবস্থিত। এএফপি।