খালেদা জিয়াই দেশের আইন-আদালতকে হয়রানি করছেন। কারণ বারবার আদালত তাকে (খালেদা জিয়া) হাজিরার জন্য নির্দেশ দিলেও তিনি আদালতের আদেশকে উপেক্ষা করে হাজিরা দেন না। প্রকৃতপক্ষে এভাবে বারবার অনুপস্থিত থেকে বিএনপি নেত্রী দেশের আইন ও আদালতকে হয়রানি করছেন।
সরকার মামলা করে খালেদা জিয়াকে হয়রানি করছে- বিএনপি নেতৃবৃন্দের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় সম্মেলন ২০১৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে হাছান এ কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
কারবালায় ইমাম হোসেনের হত্যাকারী এজিদের অনুসারী হল জামায়াত-শিবির এবং বিভিন্ন উগ্র ধর্মীয় গোষ্ঠী এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে এদের মদদদাতা হলেন খালেদা জিয়া। তিনি (খালেদা জিয়া) তার আচলের তলায় এই ধর্মীয় জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন।
তিনি আরো বলেন, যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা প্রকৃতপক্ষে ইসলামের গায়ে কালিমা লেপন করতে চাইছে। কারণ প্রকৃত ইসলাম কখনোই মানুষ হত্যা সমর্থন করে না।
আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের নেতৃত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, এমএ করিমসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।