ইবিতে শুক্রবারও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন শুক্রবারও সপ্তাহের অন্যান্য দিনের মতো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 
শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পোষাতে ইবি শিক্ষক সমিতির ঘোষণা অনুযায়ী ছুটির দিনেও এ ক্লাস-পরীক্ষা নিয়েছেন শিক্ষকরা।  ইবি উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকার অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নেয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
 
ক্যাম্পাস সূত্র জানিয়েছে, শুক্রবার ছুটির দিন হলেও শিক্ষক সমিতির পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত দিনের মতো পরিবহন ব্যবস্থা চালু ছিল। এতে বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগের শিক্ষক-কর্মকতা-কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন। ফলে সকাল থেকেই সব বিভাগে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।