বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত চারবছরে এসএসসি পর্যায়ে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সরকারের নানামুখী উন্নয়ন পদক্ষেপের ফলে দেশে বিজ্ঞান বিভাগে পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়া ঠেকানো সম্ভব হয়েছে।
 
শুক্রবার ঢাকার উত্তরায় স্কলাসটিকা স্কুলে দুই দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
স্কলাসটিকা স্কুলের উত্তরা শাখার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা ইসলাম সিরাজ, দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং এসিআইয়ের বিজনেস ডিরেক্টর কামরুল হাসানও বক্তব্য রাখেন। উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
 
শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে আরো বলেন, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার খাত হচ্ছে কারিগরি ও প্রযুক্তিমুখী শিক্ষা। আর এই শিক্ষার ক্ষেত্র তৈরির জন্য বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পদক্ষেপ নেয়া হয়েছে।