মা হ মু দু ল আ মি ন
আমাদের সংগীতাঙ্গনে প্রতিনিয়তই নতুন নতুন শিল্পীর আগমন ঘটছে। কিন্তু গানে সঠিক শিক্ষা নিয়ে খুব কম শিল্পীরই বিচরণ ঘটছে এখানে। গান যারা বুঝেন কিংবা একটু ভিন্ন ঘরানার গান যারা পছন্দ করেন, তাদের কাছে নন্দিতা বেশ প্রিয় হয়ে উঠেছেন। গেল অর্ধ যুগের সাধনায় এই অবস্থানে নিজেকে নিয়ে আসতে পেরেছেন তিনি। এটাই সত্যি যে যথাযথ গুরুর কাছে শিক্ষা নিয়ে যারা আসেন এবং গানকে আরাধ্য ভেবে গানকে চর্চায় রাখেন, তাদের এখানে থেকে যাওয়াটা সারা জীবনের জন্য। নন্দিতা ঠিক তেমনি একজন কণ্ঠশিল্পী, যিনি সংগীতের ভুবনে থেকে যেতে এসেছেন। নন্দিতার বাবা ডা. তালাত মোহাম্মদ, মা শাহনূর বেগম জলি। বাবার চাকরির সুবাদে যখন তাদের মুন্সীগঞ্জ থাকা হতো, সেই সময়েই মাত্র চার বছর বয়সে ওস্তাদ দীলিপ মজুমদারের কাছে গানে তার হাতেখড়ি হয়। তার কাছে টানা চার বছর এবং পরে ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র মজুমদারের কাছে টানা প্রায় আট বছর তালিম নেন। দুজনের কাছেই তিনি উচ্চাঙ্গ, রবীন্দ্র ও নজরুল সংগীতে তালিম নেন। এরপর ঢাকায় এসে ছায়ানটে ওস্তাদ অসিত দের কাছেও তালিম নেন। মাঝে সেলিনা আজাদের কাছেও তালিম নিয়েছেন। মূলকথা গানে নিজেকে পূর্ণাঙ্গ করে তোলার লক্ষ্যে যেখানেই শুদ্ধ সংগীতের চর্চার কথা শুনেছেন, সেখানেই নিজেকে সম্পৃক্ত করেছেন। ২০১৩ সালে ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতায় নন্দিতা সপ্তম হন। ২০১৪ সালে একুশে টিভিতে গাইতে গিয়ে ‘একুশের গান’-এর উপস্থাপনা শুরু করেন। পরে মাছরাঙ্গা টিভির ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানেও উপস্থাপনা করেন। সিনেমাতে নন্দিতা প্রথম প্লে-ব্যাক করেন অনন্য মামুনের ‘ভালোবাসার গল্প’-তে। তবে তৌকীর আহমেদের ‘হালদা’ সিনেমার ‘নোনাজল’ গানটি তাকে খ্যাতি এনে দেয় অনেকাংশে। সংগীতাঙ্গনে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট নন্দিতা বলেন, ‘আলহামদুলিল্লাহ, গানের ভুবনে আমার নিজস্ব একটা ঘরানা তৈরি হয়েছে। কিংবদন্তি অনেক শিল্পীই আমার গান পছন্দ করছেন, এটা অনেক অনেক বড় প্রাপ্তি। আজ আমার যে অবস্থান তার জন্য ছয়টি বছর আমার কষ্ট করতে হয়েছে। এটা সত্যি আমার ঘরানার বাইরে আমি গাইতে চাই না, আমি অভ্যস্ত নই। আমার কণ্ঠে ভালো গানের দর্শক-শ্রোতা যদি একজনও হয় তাতেও আমি খুশি।’ নন্দিতার কণ্ঠে আরতী মুখার্জির গাওয়া ‘এক বৈশাখে দেখা হলো দুজনায়’ গানটিতে মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতা আবারও। তবে আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রিন্স মাহমুদ, উজ্জ্বল সিনহা, শান, অটমুনাল মুনসহ আরো বেশ কয়েকজনের সুর-সংগীতে নন্দিতার বেশ কিছু মৌলিক গান রয়েছে।
ছবি গোলাম সাব্বির