সিরিয়া শান্তি আলোচনায় বিরোধীপক্ষগুলো

 
সিরীয় সরকারি বাহিনীর বিমান হামলা এবং অবরোধ তুলে নিলে জাতিসংঘের নেতৃত্বে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেবে বলে জানিয়েছে সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলো। এইচএনসি জানায়, নিশ্চয়তা প্রাপ্তি সাপেক্ষে জেনেভায় প্রতিনিধিদল পাঠাবেন তারা। সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জেনেভায় শান্তি আলোচনা শুরু হয়েছে।
 
প্রায় পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে আড়াই লাখেরও বেশি মানুষ নিহত ও ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
 
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী এবং তার শাসন প্রত্যাখ্যান করা বিরোধীপক্ষসহ তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এই যুদ্ধে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। বিবিসি জানায়, জেনেভার জাতিসংঘ কার্যালয়ে শুক্রবার বিকেলে শুরু হওয়া এই শান্তি আলোচনায় সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টাফা দে মিস্তুরা এবং জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারির নেতৃত্বে সিরীয় সরকারের প্রতিনিধিদল অংশ নেয়।
 
শুক্রবারের আলোচনা শেষে বিশেষ দূত মিস্তুরা আশা প্রকাশ করে বলেন, রবিবার বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনায় বসতে সক্ষম হবেন।
 
সিরীয় বিরোধীপক্ষের কমিটি এইচএনসি জানিয়েছে, জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার লক্ষ্যেই ছোট একটি প্রতিনিধিদল জেনেভায় পাঠাবেন তারা। তবে আসাদ সরকারের সঙ্গে সরাসরি কোনো সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছে এইচএনসি। এইচএনসির একজন জ্যেষ্ঠ প্রতিনিধি জানিয়েছেন, ৩০ থেকে ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল জেনেভায় পাঠানো হবে।
 
অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এইচএনসি’র সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি এই কমিটিকে শান্তি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। বিডি নিউজ।