আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগুন সন্ত্রাসী ও অপরাজনীতির ধারক-বাহকদের বয়কট করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, গণতন্ত্র, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আলোকে দেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার লালমাটিয়া মহিলা কলেজের ৫০ বছর পূর্তিতে বৃক্ষরোপন, দোয়া মাহফিল, ছাত্রী হোস্টেল ও অডিটোরিয়াম ভবন পরিদর্শন এবং একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার নারী সমাজের ক্ষমতায়ন, জীবনমান উন্নয়ন ও সুশিক্ষত দক্ষ নারী সমাজ উপহার দিতে বিগত ৭ বছরের বাজেটে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্ধ দিয়ে আসছে। এ সব উদ্যোগের কারণে লালমাটিয়া মহিলা কলেজ আজ দেশের মডেল নারী বিদ্যাপীঠে রূপান্তরিত হয়েছে।
এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখে আসছে এবং এই অগ্রযাত্রা ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী মির্জা নজরুল ইসলাম ও অধ্যক্ষ আব্দুস সালাম হাওলাদার।
পরে নানক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি কলেজর একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন ও বৃক্ষরোপন করেন।