ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের দায়ে তিনজনের সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে আদালত। শনিবার পশ্চিমবঙ্গের একটি আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আরো তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এই ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আনসার আলি, আমিন আলি এবং সাইফুল আলি। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, আমিনূর ইসলাম, ভোলানাথ নস্কর ও শেখ ইমানুল ইসলাম। এ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণ ও লুটপাটের অভিযোগ থাকলেও খুনের অভিযোগ ছিল না।
এর আগে বৃহস্পতিবার ৮ অভিযুক্তের মধ্যে ৬ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। এ সময় আদালত জানান, ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছে ওই ৬ জন।
আড়াই বছর আগে কলকাতার কামুদিনিতে কলেজ ছাত্রী অপরাজিতাকে ধর্ষণের পর খুন করে অভিযুক্তরা। দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর শনিবার এ রায় ঘোষণা করা হলো। এনডিটিভি।