চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন রবিবার। সমাবর্তনে অংশ নিতে আসা সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে শনিবার থেকেই মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। তবে সমাবর্তনের টুপি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের সমাবর্তনে অংশ নেয়ার জন্য নিবন্ধন করেছেন সাত হাজার ১৯৪ জন সাবেক শিক্ষার্থী। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারের সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তনে বক্তব্য দেবেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বুথ থেকে সমাবর্তনের পোশাক সংগ্রহ করেছেন গ্র্যাজুয়েটরা। এরপরই তা পরিধান করে উল্লাসে মেতে ওঠেন নিবন্ধিত শিক্ষার্থীরা। ক্যাম্পাসে আসা প্রাক্তন শিক্ষার্থীরা জমিয়ে আড্ডা দিয়েছেন পুরোনো বন্ধুদের সঙ্গে। তবে গাউনের সঙ্গে টুপি না দেয়ায় সমাবর্তনের আনন্দে ভাটা পড়েছে বলে অভিযোগ করেন তারা।