শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত

মোহাম্মদ আরজু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা। গত ২৭ ফেব্রুয়ারি শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৯টি উপজেলার ২৭টি দলের ২শ’ ৭০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের সমন্বয়ক সঙ্গীত প্রশিক্ষক পীযূষ কান্তি আচার্য, সন্ধ্যা রায় ও মনিকা আচার্য।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে সবার অংশগ্রহণে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পৌর মেয়র মিসেস নায়র কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।