‘লেখক-প্রকাশকরা চাইলে বাড়তি নিরাপত্তা’

 
ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক ব্যবস্থার পরও কোনো লেখক, ব্লগার, প্রকাশক চাইলে তাদের বাড়তি নিরাপত্তা দেয়া হবে।
 
রবিবার  পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এবারের একুশে বইমেলায় নিরপত্তা ব্যবস্থার চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
আছাদুজ্জামান মিয়া বলেছেন, বিভিন্ন সময়ে একটি চক্র যাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করে যাচ্ছে। কখনো সাদা পোশাকে আবার কখনো থানা পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে।
 
তিনি বলেন, যে চক্রটি সাম্প্রদায়িক উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের প্রতিরোধে সমন্বিতভাবে কাজ হচ্ছে। তারপরও যদি কেউ নিরাপত্তাহীন মনে করেন, পুলিশ কন্ট্রোলরুমে বিষয়টি জানালে বিশেষভাবে নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করা হবে।
 
গত এক বছরে লেখক-প্রকাশক হত্যা ও হামলার ঘটনাগুলোর তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলেও জানা তিনি।
 
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।