জাপার প্রেসিডিয়াম বৈঠকে যোগ দেননি রওশন এরশাদ

রওশন এরশাদকে ছাড়াই জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সভায় বসেছেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার বেলা পৌনে ১২টায় এরশাদের বনানী কার্যালয়ে তার সভাপতিত্বে জাপার নীতিনির্ধারণী ফোরামের এই সভা শুরু হয়।
 
জানা গেছে, সভায় ২৩ জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত রয়েছেন। বিরোধী দলীয় ও জাপা নেতা রওশন এরশাদপন্থিরা এ সভা বয়কট করেছেন। কো চেয়ারম্যান ও নতুন মহাসচিব নিয়োগকে কেন্দ্র করে পর্যালোচনা হতে পারে এ সভায়। এতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দলের চেয়ারম্যান নিজেই উদ্যোগ নিয়েছিলেন। দফতর থেকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি প্রেসিডিয়াম সদস্যদের ফোন করে সভায় আসার নির্দেশ দেন।
 
দলীয় সূত্র জানায়, দলের নীতি নির্ধারণী সভায় এই প্রথম কো-চেয়ারম্যান হিসেবে জিএম কাদের ও নতুন মহাসচিব হিসেবে এ বি এম রুহুল আমীন হাওলাদারের অভিষেক হচ্ছে। দুজনের নিয়োগকে কেন্দ্র করে এরশাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।