অপকর্মের ফলেই নৃশংসভাবে জিয়ার মৃত্যু : খাদ্যমন্ত্রী

 
অপকর্মের ফলেই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৃশংসভাবে মৃত্যু হয়েছে বলে মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘'তথ্যের সমাহার' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এমন প্রশ্ন তোলেন।
 
এ সময় তিনি অভিযোগ করে বলেন, 'জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে অতি সূক্ষ্মভাবে কাজ করেছেন। আর সে অপকর্মের ফলেই নৃশংসভাবে তার মৃত্যু হয়েছে। স্ত্রী-পুত্রও তার লাশ দেখতে পায়নি।'
 
কামরুল বলেন, 'স্বাধীনতার ৪৫ বছর পর যারা মীমাংসিত বিষয় নিয়ে প্রশ্ন তোলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। তাই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা যথার্থই হয়েছে। ওই একই অপরাধে গয়েশ্বরের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত।'