কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর যে আবেদনে আটকে আছে টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচন, তার রায় হবে আগামী ৪ ফেব্রুয়ারি।
অগ্রণী ব্যাংকে খেলাপি ঋণের কারণ দেখিয়ে প্রার্থিতা বাতিলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কাদের সিদ্দিকী রিট আবেদন করলে হাই কোর্ট স্থগিতাদেশে উপ-নির্বাচন আটকে যায়।
ওই রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রবিবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ রায়ের দিন ঠিক করেন।
সাবেক সংসদ সদস্য কাদের সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুহাম্মদ ইয়াসীন খান নির্বাচন কশিনের পক্ষে শুনানিতে অংশ নেন।
ইয়াসীন খান বলেন, গত ১৩ জানুয়ারি থেকে শুনানি শুরু হয়েছিল। রবিবার চূড়ান্ত শুনানি শেষে আগামী ৪ ফেব্রুয়ারি রায়ের দিন রাখা হয়েছে।
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর লতিফ সিদ্দিকী পদত্যাগ করেছিলেন। এরপর ইসি গত ১০ নভেম্বর ভোটের দিন ঠিক করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে কাদের সিদ্দিকীসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান গত ১৩ অক্টোবর বাছাই শেষে কাদের ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ঋণ খেলাপের কারণ দেখিয়ে কাদের ও নাসরিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এরপর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন কাদের ও নাসরিন সিদ্দিকী। কিন্তু কমিশনের শুনানিতেও তাদের আবেদন টেকেনি।