ছবি এঁকে, নেচে-গেয়ে দিন কাটালো ওরা

আহাদ চৌধুরী তুহিন

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

 

ভোলা সরকারি স্কুলের মাঠে হাজার হাজার দর্শক মাতালেন এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় শিল্পীরা। চারদিকে বাহারি আলোকসজ্জা। মাঠের ভেতরে উপচেপড়া দর্শক-শ্রোতা। মাঝে মাঝে আকাশে উঠছে আলোর ঝলকানি। দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের গান শুনে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা।

গত ৯ মার্চ সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এমনই দৃশ্য দেখা গেছে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে। এদিন ভোলার মেজবান অনুষ্ঠান যেন আনন্দ উত্সবের মেলায় পরিণত হয়।

দিনব্যাপী পিঠা উত্সব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে ভুরিভোজসহ নানা আয়োজন শেষে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের প্রতীক হাসান, চ্যানেল আই শিল্পী অঙ্কন, বিল্লাল হোসেন, ভারতের জি-বাংলার সারেগামাপা শিল্পী দেবযানী আচার্য্য, অবন্তী সিঁথি ও রোজা লিনসাউ।

ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের আয়োজনে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উচ্ছ্বসিত দর্শকদের সামনে গান গেয়ে মঞ্চ মাতান দু-বাংলার জনপ্রিয় শিল্পীরা।

সন্ধ্যার পর প্রথমে স্টেজে আসেন চ্যানেল আইয়ের জনপ্রিয় শিল্পী অঙ্কন। তারপর মঞ্চে আসেন ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামাপা সঙ্গীতানুষ্ঠানের শিল্পী দেবযানী আচার্য্য। তার গান শেষে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী বেলা। এরপরেই আসেন ভারতের সারেগামাপা সঙ্গীতানুষ্ঠানের শিল্পী অবন্তী সিঁথি। তিনি প্রয়াত আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি গেয়ে দর্শকদের মন জয় করেন।

এরপর মঞ্চ কাঁপাতে আসেন ভারতের আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী রোজা লিনসাউ। তার গানে মাঠে উপস্থিত দর্শক-শ্রোতারা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

শেষে মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠাস্থল ছিল কানায় কানায় পূর্ণ।  দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে গান শুনতে পেরে সবাই ছিলেন আনন্দে উদ্বেলিত। এ রকম একটি মনভরানো অনুষ্ঠান উপহার দেওয়া জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আগত দর্শক-শ্রোতারা।