বর্ষবরণে যৌন নিপীড়ন: স্বীকারোক্তি দেননি কামাল

বর্ষবরণের উৎসবের মধ্যে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেফতার মো. কামাল হোসেনকে জবানবন্দি দেয়ার জন্য আদালতে নেয়া হলেও তিনি স্বীকারোক্তি দেননি বলে আদালত পুলিশ জানিয়েছে।
 
ঢাকার মহানগর হাকিম নুরু মিয়ার আদেশে কারাগারে ফেরত পাঠানো হয়েছে তাকে। দুই দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর কামালকে রবিবার ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দীপক কুমার দাশ।
 
আদালত পুলিশের সহকারী পরিদর্শক আনিসুর রহমান বলেন, কামাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য আবেদন করেছিলেন। সে অনুযায়ী আদালতে উপস্থিত হওয়ার পর হাকিম নুরু মিয়া তাকে খাস কামরায় নিয়ে যান। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন কি না তা ভাবতে নিয়ম অনুযায়ী কামালকে সময় দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত জবানবন্দি দিতে অস্বীকার করলে তাকে এজলাসে তোলা হয় এবং বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
গত ১৪ এপ্রিল সন্ধ্যায় বাংলা নববর্ষের উৎসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়।
 
এরপর ১৭ মে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে আট নিপীড়কের ছবি পাওয়ার কথা জানান পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন তিনি।
 
ধরা পড়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ওই ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। মামলা সক্রিয় না থাকায় কামালকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা পুরনো মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দীপক।