রাজশাহীর রকিবুরের মৃত্যুদণ্ড ৭ মার্চ পর্যন্ত স্থগিত

 
ধর্ষণ শেষে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজশাহীর গোদাগাড়ীর মো. রকিবুর ওরফে ওকিবুরের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ ৭ মার্চ পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। মৃত্যু দণ্ডপ্রাপ্ত রকিবুরের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রবিবার এই আদেশ দেন। একইসঙ্গে তার করা রিভিউ আবেদন শুনানির জন্য ৭ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে।
 
গত ১৮ জানুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রকিবুরের মা/ভাই/বোন ও নিকট আত্মীয়দেরকে তার সঙ্গে সাক্ষাতের জন্য একটি চিঠি দেয়। ওই চিঠিতে বলা হয় যে, আগামী ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১ টা ১ মিনিটে রকিবুরের ফাঁসি কার্যকর করা হবে। এজন্য তাদেরকে সাক্ষাতের অনুমতি দেওয়া হল।
 
এই চিঠি প্রাপ্তির পর ২০১৫ সালের ১২ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করেন ওই আসামি। রবিবার তার পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানিতে বলেন, রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড স্থগিত রাখা হোক।
 
এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ২০০৪ সালের ৮ আগস্ট রকিবুরের মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। ২০০৮ সালের ১৭ মার্চ ওই রায় বহাল রাখে হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন রকিকুর। আপিলে হাইকোর্টের রায় বহাল রাখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ। গত ১৮ জানুয়ারি পূর্ণাঙ্গ ওই রায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌছলে রকিবুরের দণ্ড কার্যকরের জন্য ওইদিন ধার্য করা হয়।