তানজানিয়ায় হাতি শিকারির গুলিতে রজার গাওয়ার নামে এক ব্রিটিশ পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে ফ্রাইডকিন কনজার্ভেশন ফান্ড। এই সংস্থাটির হয়েই তিনি সেখানে হাতি শিকারিদের গ্রেফতার করতে গিয়েছিলেন।
তার এক সহকর্মী জানায়, শিকারিরা তিনটি হাতিকে হত্যা করে। তার মধ্যে একটি হাতির কাছে যাওয়ার সময় তাকে গুলি করা হয়।
ফাউন্ডেশনের আরেকজন প্রতিক পাটেল গাওয়ারকে একজন ‘দারুণ মানুষ, দারুণ বন্ধু ও দারুণ চালক’ বলে অভিহিত করেছেন। সংস্থাটির চেয়ারম্যান ড্যান ফ্রাইডকিন বলেন,‘আমাদের এই বন্ধুর অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। ‘আমরা তার কাজকে সম্মান জানাতে চাই এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনতে চাই।’
দেশটির পররাষ্ট্র বিভাগ তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে। তার পরিবারকে সহায়তা করা হচ্ছে বলেও জানায় তারা।
দেশটির সাবেক এক মন্ত্রী টুইটারে বলেন, গাওয়ার গুলিবিদ্ধ অবস্থায় হেলিকপ্টার ল্যান্ড করতে পারলেও উদ্ধারকারীরা আসার পূর্বেই মারা যায়। জানা যায়, একে-৪৭ থেকে করা গুলিটি হেলিকপ্টারের নিচের অংশ ভেদ করে গাওয়ারের পায়ে ও কাঁধে আঘাত করে। সূত্র: বিবিসি