মিয়ানমারে ক্ষমতাসীন দল গঠনের পথে সুচি শিবির

মিয়ানমারে কয়েক দশকের সংগ্রামের পর সোমবার নতুন পার্লামেন্টে যাত্রা শুরুর পাশাপাশি ক্ষমতাসীন দল গঠন করবে গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রাসি (এনএলডি)।
 
আনুষ্ঠানিকভাবে এনএলডি সরকারের মেয়াদ শুরু হবে এপ্রিল থেকে। গত নভেম্বরের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এনএলডি। তারা নির্বাচনে প্রায় ৮০ শতাংশ আসন দখল করেছে।
 
এমপিরা সোমবার নতুন পার্লামেন্টে আসন গ্রহণ করবে বলে জানিয়েছেন স্পিকার ময়ে মান। সুচির শিবিরের আইনপ্রণেতারা এদিনই গঠন করবেন ক্ষমতাসীন দল।
 
এরপর মিয়ানমারের জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে ধীরে ধীরে কার্যকর হবে নতুন সরকার। ৩১ মার্চে দেশটির বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন বিদায় নেয়ার পরই নতুন সরকার কাজ শুরু করতে পারবে।
 
এনএলডির জ্যেষ্ঠ সদস্য উইন তেইন বলেছেন, খুব সম্ভবত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা প্রেসিডেন্টের নাম ঘোষণা করব।
 
এ সপ্তাহে দলটি সংসদের স্পিকার নিয়োগের দিকে বেশি মনযোগ দেবে। ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ও আঞ্চলিক অধিবেশন শুরু প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে।
 
সংসদের উভয় কক্ষ নিজ নিজ প্রেসিডেন্ট পদপ্রার্থী নিয়োগ দেবে। এছাড়া সংসদের একচতুর্থাংশ আসন দখলে রাখা সেনাবাহিনীও তাদের প্রার্থী দেবে। এরপর ভোট অনুষ্ঠিত হবে এবং জয়ী প্রার্থী প্রেসিডেন্ট হবেন। বাকি দুই জন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
১৫ বছর গৃহবন্দী থাকা মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সু চিকে সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে আশা করা হলেও তার প্রেসিডেন্ট হওয়ার পথে সাংবিধানিক বাধা রয়েছে।