ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) প্রযুক্তির সঙ্গে নাম জড়িয়েছে ফেসবুক, মাইক্রোসফট, স্যামসাং, গুগল বা সনির মতো বাজারের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের। এই তালিকায় নাম ছিলো না অ্যাপলের। তবে ভিআর প্রযুক্তি নিয়ে তৎপর প্রতিষ্ঠানগুলোর তালিকায় এবার যোগ হল মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের নামও।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবী করা হয়েছে, ফেসবুকের অধীনস্থ অকুলাস ও মাইক্রোসফটের হলোলেন্সের সঙ্গে পাল্লা দিতেই ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করছেন অ্যাপলের এক দল গোপন কর্মী।
সূত্রের খবরে আরও বলা হয়েছে, ভিআর প্রযুক্তি তৈরি করার জন্য অ্যাপল অল্টারড রিয়েলিটি প্রযুক্তি-বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দক্ষ কর্মী নিয়োগ দিয়েছে। সব মিলিয়ে অ্যাপলের ‘সিক্রেট’ ভিআর টিমে কাজ করছেন কয়েকশ’রও বেশি কর্মী।
প্রান্তিকগত আয়-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে প্রতিষ্ঠানের ভিআর কার্যক্রম বিষয়ে প্রশ্ন করা হয়। কিছুটা এড়িয়ে গিয়ে উত্তর দেন কুক। অ্যাপল সিইও বলেন, 'আশাবাদী হওয়ার ব্যাপার হল ভার্চুয়াল রিয়ালিটিতে আকর্ষণীয় অনেক অ্যাপ্লিকেশন রয়েছে।
অ্যাপল তাদের কোন প্রকল্প নিয়ে আগে থেকে কিছু প্রকাশ করে না। যেমন- ইলেক্টট্রিক কার প্রোজেক্ট। ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি নিয়েও সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখছে প্রতিষ্ঠানটি।