শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গৃহীত পদক্ষেপের ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই। অভিভাবক ও শিক্ষার্থীদের বলবো আপনারা প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ফেসবুকে ভুয়া প্রশ্ন ছড়ালে সঙ্গে সঙ্গেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যবস্থা নেবে।
সোমবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষায় (এসএসসি ও দাখিল) মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।
প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) ও বাংলা-২ (৮১২১) (সৃজনশীল) ও দাখিল ভোকেশনালে বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।