রাশিয়ার রাজধানী মস্কোয় একটি টেক্সটাইল কারখানায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার তদন্তকারী কমিটি।
প্রাথমিক তথ্যে মৃতরা প্রায় সবাই মধ্য এশিয়া থেকে আসা কারখানাকর্মী বলে জানা গেছে। এদের মধ্যে অল্প বয়সী এক শিশুও রয়েছে। এদের সবার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চিকিৎসকরা পরীক্ষা করার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তদন্তকারীদের মুখোমুখি করা হবে। শনিবার রাতে মস্কোর স্ট্রোমিনকা স্ট্রিটের একটি পুরনো ভবনে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।
মধ্যরাতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। রাত ১২টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস। আগুনে তিন হাজার বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৫০০ বর্গমিটার এলাকার ঘরবাড়ির ছাদ ধসে পড়েছে। আগুনের সূত্রপাত কারিগরি ত্রুটির কারণে বা নাশকতা হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
তবে আইনপ্রয়োগকারী সংস্থার একটি সূত্রের বরাতে তাস জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি নাশকতা বলে ধারণা পাওয়া গেছে। এই ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে মানুষ হত্যা ও সম্পদ ধ্বংসের অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কমিটির জ্যেষ্ঠ কর্মকর্তা উলিয়া ইভানোভা। রয়টার্স।