অনলাইন বিনিয়োগে প্রায় ৭.৬ বিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগে ২১ জনকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ। প্রায় ৯ লাখ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫০ বিলিয়ন ইউয়ান সমমূল্যের অর্থ অনলাইনের মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।
আটক হওয়া ২১ জন ইজুবাও নামে অনলাইন বিনিয়োগ প্রতিষ্ঠানে কাজ করতেন। এটি চীনের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জানিয়েছে, এই সাইটে পোস্ট হওয়া ৯৫ শতাংশ বিনিয়োগের প্রস্তাবই ভুয়া। চীনের টেলিভিশন এই প্রতিষ্ঠানের দুই সাবেক কর্মকর্তার স্বীকারোক্তি প্রকাশ করে। চীনেরা আনহুই প্রদেশভিত্তিক এই সংস্থা ২০১৪ সালে শুরু করেন ইউচেং গ্রুপের চেয়ারম্যান ডিং নিং। গ্রেফতার হওয়াদের মধ্যে তিনিও রয়েছেন।
চীনের বর্ধিষ্ণু মধ্যবিত্ত সম্পদ দ্রুত বৃদ্ধি করতে অনলাইনে বিভিন্ন বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে। প্রায় ২.৫ ট্রিলিয়ন মূল্যমানের এই বিনিয়োগ বাজার নিয়ন্ত্রণে দেশটির সরকারকে বেশ হিমশিম খেতে হচ্ছে। বিবিসি।