ইথিওপিয়ায় খরায় খাদ্য সঙ্কটে ১ কোটিরও বেশি মানুষ : জাতিসংঘ

ইথিওপিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরায় অন্তত ১ কোটি ২০ লাখ মানুষ খাদ্য সঙ্কটে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার এ সতর্ক বার্তা দেন সংস্থাটির মহাসচিব বান কি-মুন।
 
জাতিসংঘ জানায়, কয়েক মাসের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। এর ফলে দেশটির এক পঞ্চমাংশ লোক অনাহারের সম্মুখীন হবে ।
 
এল নিনোর প্রভাবে বন্যা ও অনাবৃষ্টির কারণে আফ্রিকার একটি বড় অংশের বিপুল সংখ্যক লোক অভুক্ত থাকার ঝুঁকি বেড়ে গেছে। বিশেষত ইথিওপিয়া বিশেষ উদ্বেগের কারণ।
 
ইথিওপিয়ার রাজধানীতে সাংবাদিকদের উদ্দেশে বান কি মুন বলেন, ‘দেশের মানুষ ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার সম্মুখীন হয়েছে। সরকারের একার পক্ষে এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করা কঠিন।’
 
ইথিওপিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী দেমেক মেকোনেন সতর্ক করে বলেছেন, তার দেশের এখন যেই পরিমাণ অর্থের প্রয়োজন সে তুলনায় অর্ধেকের ও কম অর্থ রয়েছে। বর্তমানে ইথিওপিয়ার ১৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। এএফপি