পশ্চিমা বিশ্বে আতঙ্ক ছড়ানো জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলও। বিশেষ করে দেশটির কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু ও পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহরগুলোকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলছেন বিশেষজ্ঞরা।
বেঙ্গালুরুসহ বিভিন্ন এলাকার চিকিৎসকদের বরাত দিয়ে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস একথা জানায়। বেঙ্গালুরুর চিকিৎসকরা বলছেন, এখান থেকে অনেক মানুষ দক্ষিণ আমেরিকা ভ্রমণ করছেন। আর দক্ষিণ আমেরিকায় ইতোমধ্যেই ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস। সে কারণে বেঙ্গালুরুসহ পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর ঝুঁকিপূর্ণ।
এজন্য কর্তৃপক্ষকে আবর্জনা পরিষ্কারসহ মশা নিধনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালের মান-অভিযোগ ও প্রচার কর্মসূচি বিভাগের প্রধান ড. সতিশ অমর নাথ বলেন, ভারত জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। কারণ অনেক ভারতীয় দক্ষিণ আমেরিকা ভ্রমণ করছেন।
তাদের মাধ্যমেই জিকা ভাইরাস ছড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। কেন্দ্রীয় সরকারের তরফে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইন্ডিয়ান টাইমস