লালবাগে ৬ তলা থেকে পড়ে শিশু আহত

 
রাজধানীর লালবাগ এলাকায় ছয় তলা থেকে পড়ে আবু সাঈদ (১২) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
 
শিশুর মা মাফরুজ বেগম জানান,  লালবাগ থানার ৪২/ক রাজনারায়ণধর রোডে তাদের বাড়ি। ওই বাড়ির নিচতলায় ইন্টারন্যাশনাল তাফিজুল মাদ্রাসা। তারা ওই ভবনের ৬ষ্ঠ তলায় থাকেন। সাঈদ ওই মাদ্রাসার শিক্ষার্থী।
 
তিনি বলেন, সাঈদ বাড়ি ছাদে একটি জালালি কবুতর পালে। বিকাল চারটার দিকে সে ওই কবুতরকে খাবার দিতে যায়। আর তখনই সে রহস্যজনকভাবে নিচে পড়ে যায়। কিন্তু কিভাবে সে পড়ে গেছে, তা কেউ দেখতে পায়নি। পরে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
 
এদিকে হাসপাতাল সূত্র জানায়, আহত সাঈদের অবস্থা আশঙ্কাজনক।