শীত মৌসুমে মূলত গানের তারকাদেরই ব্যস্ততা চোখে পড়ার মতো বাড়ে। কারণ সারাদেশ ও দেশের বাইরে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের হিড়িক পড়ে যায় এই মৌসুমে। ঢাকা ও ঢাকার বাইরের মানুষেরা প্রিয় শিল্পীর গান শোনার জন্যই অপেক্ষা করেন। কিন্তু সময় এখন বদলেছে! তাই এখন দর্শকেরা গানের পাশাপাশি প্রিয় তারকাদের নাচও দেখতে চাইছেন। এই চাহিদা গত কয়েকবছরের তুলনায় এবছর আশাব্যঞ্জকভাবেই বেড়েছে। তাই এক্ষেত্রে গানের তারকাদের ব্যস্ততার পাশাপাশি এবছর থেকে বাড়ছে টিভি বা চলচ্চিত্র তারকাদেরও ব্যস্ততা।
তারকারা একসময় টিভিসির পরেই বিভিন্ন নাটকের কাজেই নিজের ব্যস্ততা গুনতেন। আগ্রহও দেখাতেন। কিন্তু এখন অনেকেই ইভেন্টের প্রতিই বেশি নজর দিচ্ছেন। খুব সহজ ভাবে বললে বলা যায়, তারকাদের এক ঘন্টার একটি নাটকে সারাদিনের শিফটে কাজ করলে যা আয় হয়, তার চেয়ে কয়েকগুন বেশি আয় করতে পারেন তারা বিভিন্ন ইভেন্টে নাচের পারফর্মেন্স করে।
IMG0
তাই এক্ষেত্রে তারকারা নিজেদের ভিন্ন ভিন্ন কোরিওগ্রাফারদের নিয়ে আলাদা ভাবেই দল গড়ছেন। একসময় তারকা পাড়ায় ব্যন্ডদল গড়া হতো যেভাবে, এখন অনেকটা সেভাবেই তৈরি হচ্ছে তারকাদের সাথে কোরিওগ্রাফারদের নতুন দল।
মডেল-অভিনেত্রী মেহজাবিন এ প্রসঙ্গে বলেন, ‘এটা সময়ের চাহিদা। কারণ উপমহাদেশেই এই প্রচলন বাড়ছে। বিশেষ করে বলিউডে তো তারকারা সারাবছর বিভিন্ন দেশে শুধু স্টেজশো করেই নিজেদের প্রফেশনাল ক্যারিয়ার খুব ভালো ভাবে টিকিয়ে রাখতে পারে। সেদিক দিয়ে আমরা কেন পিছিয়ে থাকবো।’ মেহজাবিনও তাই নিজেই আলাদা কোরিওগ্রাফারের সাথে বেশ কিছু গান প্র্যাকটিস করছেন নিয়মিত।
IMG1
পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় গান নিয়ে তারকারা তাদের নাচের কোরিওগ্রাফীতে সময় দিচ্ছেন অনেকেই। যারা আগে হয়তো নাচটাই ঠিকমতো জানতেন না। তারাও এখন নিজেদের পেশাগত এই আর্থিক বাড়তি প্রাপ্তির আশায় নতুনভাবে কোরিওগ্রাফারের সাথে সময় দিচ্ছেন, নাচের মতো কঠিন আর্টকে যথাসাধ্য আয়ত্ব করতে চাইছেন। তবে বিভিন্ন এলাকার আয়োজকদের মূলত আগ্রহ থাকে টিভি বা মডেল তারকাদের দেখা, সেদিক দিয়ে মডেল তারকাও দেখা হলো সাথে নাচের পারফর্মেন্সেও বাড়তি উত্সবমুখরতা এলো।
একই ধারাবাহিকতায় হালের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম কোরিওগ্রাফার তানজিলের সাথেই নিয়মিত প্র্যাকটিস করেন। তানজিমের ঈগলস দলের সাথেই মীম একাধিক গানের নাচসহ নিজেকে প্রস্তুত রাখছেন। মীম বলেন, ‘ঈগলসের সাথে আমার একটা বোঝাপড়া অনেক আগে থেকেই, তাই একসাথে আমাদের অনেক গানের সাথে নাচ তোরা রয়েছে।
IMG2
একই ভাবে শখ-নিলয়ও জুটি বেঁধে ঈগলসের সাথেই পারফর্ম করছেন বিভিন্ন স্টেজশোতে নিয়মিত।
শুধু তাই নয়, আরজে-মডেল-অভিনেত্রী নওশীন তার শৈশব কৈশরে নাচলেও মাঝে নাচ নিয়ে ঢিলেমি দিয়েছিলেন। কিন্তু বর্তমান এই ইভেন্ট কোম্পানীদের চাহিদায় সম্প্রতি নৃত্যশিল্পী লিখনের সাথে জুটি গড়েছেন। এরই ভেতরে বেশ’কটি স্টেজ পারফর্মেন্সেও অংশ নিয়েছেন তিনি।
একই ভাবে মডেল বা কোরিওগ্রাফারদের এই জুটিতে উভয় পক্ষই একে অপরের পরিপূরক। কারণ কোনো স্টেজ শোর অফার এলে বিভিন্ন আয়োজকেরা নাচের দলের সাথেই তাদের কন্টাক্ট করে থাকেন। তাই দলগুলোও নিজেদের শিল্পীদেরকেই বুকিং দেন।
অনেকটা গানের শিল্পীরা যেমন মিউজিশিয়ান নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাবার জন্য নিজেদের পারিশ্রমিক হাঁকাচ্ছেন, ঠিক একই ভাবে উঠতি বা জনপ্রিয় তারকারা তাদের নাচের গ্রুপের সাথে পারফর্মেন্সে যাচ্ছেন।
IMG3
শুধু জনপ্রিয় তারকারাই নন। সুপারহিরোইন মিমো, লাক্সের নিলাসহ একাধিক উঠতি তারকারা নিজেদের আর্থিক বা চাহিদার প্রয়োজনেই একাধিক জনপ্রিয় গানের সাথে তাদের নাচ তুলে রাখছেন। কারণ সময়ের চাহিদায় এখন গানের তারকাদের পাশাপাশি মডেল-অভিনেত্রীর নাচ দেখার জন্যও ঢাকাসহ ঢাকার বাইরের মফস্বলের আয়োজকদের বাড়তি চাহিদা থাকে। যদিও এসব ক্ষেত্রে নায়িকাদেরই চাহিদা থাকে বেশি। কারণ নাচের ক্ষেত্রে পুরুষ চরিত্রে মূলত মূল নৃত্যশিল্পী বা কোরিওগ্রাফার নিজেই পারফর্ম করেন। এরপরও, ইমন, নিলয়রা স্বস্ব তারকার সাথে জুটি বেধে কিছু কিছু স্টেজ শো করে আসছেন।