বেদখল হওয়া রেলের সম্পত্তি উদ্ধার করা হবে : রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, যে কোন মূল্যে বেদখল হওয়া রেলের সম্পত্তি উদ্ধার করা হবে। এ জন্য সরকার প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
 
সোমবার সংসদে সরকারি দলের সদস্য শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খুলনা-কলকাতা-খুলনা রুটে বেনাপোল দিয়ে আরো একটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চলাচল করে যা সপ্তাহের ৩ দিন বাংলাদেশ থেকে ভারতে এবং ৩ দিন ভারত থেকে বাংলাদেশে চলাচল করে।
 
মুজিবুল হক বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে দৈনিক মোট ৩৪১টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে।
 
সরকারি দলের সদস্য বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, বর্তমানে দেশের ৪৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত।
 
সরকারি দলের সদস্য এনামুল হকের এক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডোর ডাবল লাইনে উন্নীতকরণ, বিদ্যমান রেলপথের মানোন্নয়ন, রোলিং স্টক সমস্যা দূরীকরণ, জনবলের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ রেলওয়ের আয় বৃদ্ধি তথা বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়নের জন্য ২০১০ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ২০ বছরে বাস্তবায়নের জন্য রেলওয়ে একটি মহাপরিকল্পনা সরকার গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, ওই মহাপরিকল্পনা অন্তর্ভুক্ত ২৩৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ২ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকার প্রয়োজন হবে।