রাজধানীর বাড্ডায় ছয় বছরের শিশুকে 'যৌন নিপীড়নের' অভিযোগে মোটর গ্যারেজের তত্ত্বাবধায়ক ইউনুস আলী মাতব্বর (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৪ নম্বর সড়কের ওই গ্যারেজে শিশুটিকে 'যৌন নিপীড়ন' করা হয় বলে বাড্ডা থানার এসআই আশরাফুল আলম জানান।
শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আশরাফুল। শিশুটির বাবা পেশায় গাড়িচালক। ওই গ্যারেজের কাছেই একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি।
এসআই আশরাফুল বলেন, 'সকালে ইউনুসের এক বন্ধুর সঙ্গে ওই গ্যারেজে যায় শিশুটি। সেখানে তাকে 'যৌন নিপীড়ন' করেন ইউনুস। পরে ওই শিশু বাসায় গিয়ে বিষয়টি জানায়। তার স্বজনদের অভিযোগের ভিত্তিতেই ইউনুসকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করবেন বলে বাড্ডা থানার ওসি এমএ জলিল জানিয়েছেন। বিডি নিউজ।