জিকা ভাইরাস সত্ত্বেও রিও অলিম্পিক অনুষ্ঠিত হবে: ব্রাজিল

জিকা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ব্রাজিলে অনুষ্ঠিতব্য রিও গ্রীষ্ম অলিম্পিক গেমসের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। তবে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে যে আগস্টে অনুষ্ঠিতব্য এই গেমস বাতিল হওয়ার কোনো কারণ নেই।
 
কর্তৃপক্ষ জানিয়েছে একমাত্র গর্ভবতী নারীদের ছাড়া দর্শক ও অ্যাথলেটদের এই ভাইরাসের কোনো ঝুঁকি নেই। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের চিফ অব স্টাফ জ্যাক্স ওয়াগনার বলেন, যারা ব্রাজিলে আসছে তাদের আমরা বলছি, আপনি গর্ভবতী নারী না হলে কোনো ঝুঁকি নেই আপনার। 
 
মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাস নির্মূলে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে ব্রাজিল। প্রেসিডেন্ট রুসেফ নির্দেশ দিয়েছেন, প্রয়োজন হলে বলপ্রয়োগ করে হলেও বিল্ডিংয়ে প্রবেশ করে মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে। এই কাজে নিয়োজিত পরিদর্শকরা প্রয়োজনে পুলিশ নিয়োজিত করতে পারবে। প্রায় ২ লক্ষ সেনাবাহিনীকে এই কাজে নিয়োজিত করা হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ২৫ শতাংশ বাড়ি পরিদর্শন সম্পন্ন করেছে সেনাবাহিনী।  
 
এর আগে জিকা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসে আক্রান্ত মায়ের থেকে জন্ম নেয়া শিশুর মস্তিষ্ক পরিপূর্ণভাবে বিকশিত হয় না। বিশেষজ্ঞরা জানিয়েছেন মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাস সারাবিশ্বে খুব দ্রুত ও ভয়াবহ ক্ষতির আশঙ্কা নিয়ে ছড়াচ্ছে। বিবিসি।