জর্ডানের কিং আব্দুল্লাহ জানিয়েছেন সিরিয়া গৃহযুদ্ধে সৃষ্ট শরণার্থী গ্রহণের শেষসীমায় রয়েছে তার দেশ। প্রায় পাঁচ বছর ধরে চলমান সিরিয়া গৃহযুদ্ধের সময়ে এই প্রথমবারের মতো সিরীয় শরণার্থী গ্রহণের বিষয়ে সমস্যার কথা বললো জর্ডান।
সিরিয়া শরণার্থীদের জন্য দাতাদের সম্মেলনের আগে বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে জর্ডানের রাষ্ট্রপ্রধান কিং আব্দুল্লাহ জানিয়েছেন, শরণার্থীদের চাপে তার দেশের সামাজিক সেবা, অবকাঠামো ও অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, হয়তো খুব তাড়াতাড়ি অথবা কিছুদিন পরে, এই চাপে ‘বাধ’ ভাঙতে বাধ্য। জর্ডানকে আরো শরণার্থী নিতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘ দাতাদের কাছ থেকে পরের বছরের জন্য ৭.৭ বিলিয়ন ডলার দাবি করছে সিরিয়া ও তার আশেপাশের ২২.৫ মিলিয়ন মানুষের জন্য। ২০১৫ সালে জাতিসংঘ ২.৯ বিলিয়ন ডলার চাইলেও তার মাত্র ৪৩ শতাংশ সংগ্রহ করা গিয়েছিল। বিবিসি।