পাকিস্তানে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরে জাতীয় বিমান সংস্থাকে বেসরকারিকরণের পরিকল্পনার বিরোধিতাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে মঙ্গলবার এক এয়ারলাইন্সের কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে বিক্ষোভকারীরা বিমানবন্দরের প্রধান ফটক অবরোধ করলে পুলিশ ও আধা-সামরিক রেঞ্জাররা তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে এবং জলকামান ব্যবহার করে।
আগা খান হাসপাতালের এক মুখপাত্র জানান, গুলিতে আহত এক ব্যক্তি মারা গেছেন। তার নাম ইনায়েত রাজা। তিনি বলেন, 'তাকে মুমূর্ষু অবস্থায় আমাদের জরুরি বিভাগে আনা হয় এবং ডাক্তাররা ২০ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন।' রাজার সহকর্মী ও বন্ধু নাদিম জাফরও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নগরীর প্রধান জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের প্রধান সিমি জামালী বলেন, হাসপাতালে আহত চার জনকে আনা হয়। এর মধ্যে দুই জনের শরীরে গুলির আঘাত রয়েছে।
তবে আইন প্রয়োগকারী সংস্থা বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে। বাসস।