এদেশের সবচেয়ে চাহিদাসম্পন্ন সেলিব্রিটি বলতে এখন যে দু’চারজন তারকার নাম আসে, তার শীর্ষে এখন মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি তার জীবনিগ্রন্থ প্রকাশিত হয়েছে ‘মাশরাফি’ নামে। দেবব্রত মুখোপাধ্যায় এর লেখা মাশরাফির এই জীবনিগ্রন্থ এবারের বইমেলায় পাঠক চাহিদার শীর্ষ তালিকায়।
ক্রিকেট তারকারা শোবিজ দুনিয়ার অন্যতম আকর্ষণের হয়ে থেকেছেন অনেক আগে থেকেই। সেই ধারাবাহিকতায় মাশরাফিও সেই রেসের অন্যতম আকর্ষনীয় তারকা। এরই ভেতরে তিনি একাধিক টিভিসিতে অংশ নিয়েছেন। তবে আগামী ৪ তারিখ একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের শুটিং করবেন তিনি। বিজ্ঞাপনচিত্রটি নির্মান করছেন টিভিসি দুনিয়ার প্রখ্যাত নির্মাতা আদনান আল রাজীব।
মাশরাফিকে নিয়ে এটিই তার প্রথম কাজ। এ প্রসঙ্গে নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ তারকা তিনি। ব্যক্তিগতভাবে আমি নিজেও তার ভক্ত। তাই আমার এই বিজ্ঞাপনের থিমটাও সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে। আশা করছি সারা দেশব্যপী মাশরাফির যে অগনিত ভক্তকুল তারা এই বিজ্ঞাপনচিত্রে মাশরাফিকে নতুন এক গল্পেই পাবেন।’