রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের স্পিকারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের ন্যাশনাল কাউন্সিলের স্পিকার জিগমে জাংপো।
 
মঙ্গলবার বঙ্গভবনে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
 
তিনি বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেছেন, বর্তমানে বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্ক বিরাজ করছে।
 
আবদুল হামিদ এ সময় পর্যটনসহ বিভিন্ন খাতের বিনিয়োগ ও বাণিজ্যের উন্নয়নে যৌথ প্রয়াস প্রত্যাশা করেন। ভুটানের উদ্বৃত্ত বিদ্যুতের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করলে দুই দেশই উপকৃত হবে। ভুটান বাংলাদেশের মংলা বন্দর ব্যবহার করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
 
জিগমে জাংপো এ সময় ভুটান পার্লামেন্টের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া ভুটানের স্পিকার আর্থ-সামাজিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।