বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান নতুন এ দিন ধার্য করেন।
আজ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ শুনানি পেছাতে সময়ের আবেদন জানান। এ আবেদন মঞ্জুর করে আগামী ৯ মার্চ শুনানির দিন পুনঃনির্ধারণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদি হয়ে মামলাটি করেন।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।