আইফোন আদলের ফোনে মনোযোগ গুগলের

গুগল প্রযুক্তিবিশ্বের যেখানেই হাত রাখে সেখানেই অবধারিতভাবে ফুল ফুটে। নেক্সাস ফোন দিয়ে এই প্রবাদ-তুল্য কথাটাকে প্রমাণ করতে বদ্ধপরিকর সার্চ জায়ান্ট থেকে প্রযুক্তি জায়ান্টে পরিণত হওয়া এই প্রতিষ্ঠান।
 
ব্যাপারটা গ্রাহকদের জন্য সুখকর হলেও অ্যাপলের জন্য তা মোটেই সুখকর নয়। কারণ, স্মার্টফোন বাজারের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানকে টেক্কা দিতে এবার আইফোনের আদলে নেক্সাস ফোনে মন দিয়েছে গুগল। সূত্র- টেক রেডার।
 
খেয়ালের বশে কোনো কাজ করার রেকর্ড নেই গুগলের। আর তাই অ্যাপলকে হটিয়ে শীর্ষস্থানের দখল নেয়ার ভাবনা থেকেই আইফোনের আদলে নেক্সাস ফোন তৈরি করছে জায়ান্ট এই প্রতিষ্ঠান, দাবী বাজার বিশ্লেষকদের।
 
এ ব্যাপারে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যাপলের ডিজাইনের মত ‘‌লম্বালম্বিভাবে অখণ্ড’ ফোন তৈরি করতে চান তারা।
 
সূত্রের খবরে প্রকাশ, হুয়াওয়ে ও এইচটিসি’র হার্ডওয়্যার ডেভেলপাররা নতুন নেক্সাস ফোন নিয়ে গুগলের হেডকোয়ার্টারে কাজ করছেন। ভবিষ্যতে এই ডেভলপাররাদের হাতেই নিজেদের মালিকায় অত্যাধুনিক স্মার্টফোন নির্মাণের পরিকল্পনাও করছে গুগল।
 
সম্প্রতি প্রতিষ্ঠানটি চাইছে, অ্যাপলের আইফোনের আদলে একটি নেক্সাস স্মার্টফোন বাজারে ছাড়তে।
 
বিশ্লেষকদের মতে, অনলাইন সার্ভিসের উপর জোর দিয়ে মোবাইল বাজার দখলের পাশাপাশি বাড়তি মুনাফা অর্জনের পরিকল্পনা থেকে আইফোনের আদলে নেক্সাস ফোন আনছে গুগল।