কুর্দিদের জন্য নিরাপত্তা ও অথনৈতিক পরিকল্পনা প্রকাশ করবে তুরস্ক

তুরস্ক কুর্দি নিয়ন্ত্রিত দক্ষিণ-পূর্বাঞ্চলের জন্য একটি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করবে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে যুদ্ধে বিপর্যস্ত এ অঞ্চলকে পুনরুজ্জীবিত করতে পরিকল্পনাটি গ্রহণ করা হবে।
 
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে সহায়তা করতে দক্ষিণ-পূর্বাঞ্চলের তিনটি স্থানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। গত গ্রীষ্মে আড়াই বছরের অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পিকেকে’র সঙ্গে ছয় মাসের যুদ্ধ চলছে যা এ অঞ্চলের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
 
আঙ্কারায় কুর্দি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, আমি রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে একটি কার্যকর পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছি। আমরা ক্ষত কাটিয়ে উঠার চেষ্টা করছি। এসব সমস্যা সাময়িক।
 
প্রধানমন্ত্রী দক্ষিণ-পূর্বাঞ্চলের মারদিন নগরী সফরকালে পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করবেন তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিকল্পনার মধ্যে পুলিশ ও সেনা উপস্থিতি বাড়ানোর পাশাপাশি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভূক্ত থাকবে।
 
গত ডিসেম্বরে সেনাবাহিনী ও পুলিশ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা ও শহরে ব্যাপক অভিযান শুরু করে। দাভুতোগলু বলেন, আমরা বিভিন্ন শহর থেকে ব্যারিকেড, পরিখা ও অস্ত্রের মজুত সরিয়ে নিতে যাচ্ছি। এএফপি।