বইমেলায় সাইয়েদ জামিলের দুটি কাব্যগ্রন্থ

‘‌অমর একুশে গ্রন্থমেলা ২০১৬’-তে প্রকাশিত হচ্ছে কবি সাইয়েদ জামিলের দুটি কাব্যগ্রন্থ। আলোঘর প্রকাশনা থেকে ‘হারানো প্রেমিকার মুখ’ এবং চৈতন্য থেকে প্রকাশিত হচ্ছে ‘নিয়ম না মানা মাস্টার’ নামের বই।

সাইয়েদ জামিল মূলত কবি ও গীতিকার। তার কবিতার মূল বিষয় দেশ, মাটি, মানুষ, প্রেম, প্রকৃতি ও আন্তর্জাতিকতা।

নতুন বই প্রসঙ্গে সাইয়েদ জামিল বলেন, মেলার প্রথম দিনেই এসেছে আমার প্রেমের কবিতার বই ‘হারানো প্রেমিকার মুখ’। প্রেমের বহুরৈখিক সৌন্দর্য ও হাহাকারই এর মূল বিষয়। আর, ‘নিয়ম না মানা মাস্টার’ বইটি আসবে মেলার দ্বিতীয় সপ্তাহে। দ্রোহ, কাম, দার্শন ও যাপিত জীবনের জটিলাই এর মূল উপজীব্য। ‘হারানো প্রেমিকার মুখ’ বইয়ের প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ। আর ‘নিয়ম না মানা মাস্টার’ এর প্রচ্ছদ করেছি আমি নিজেই।

উল্লেখ্য, সাইয়েদ জামিলের প্রথম কাব্যগ্রন্থ ‘রাষ্ট্রবিরোধী গিটার’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সেসময়ই বইটি সাহিত্য মহলে বেশ আলোচিত হয়। এরপর দ্বিতীয় বই ‘কায়কাউসের ছেলে’ প্রকাশিত হয় ২০১৫ সালের জুনে। ‘কায়কাউসের ছেলে’ বইটি সারাদেশে নানা ধরনের বিতর্কের জন্ম দেয়। বোদ্ধামহলেও এ নিয়ে ব্যাপক সমালোচনা পর্যালোচনা হয়েছে। ‘কায়কাউসের ছেলে’ বইটি ‘প্রথম আলো- জীবনানন্দ দাশ’ পুরস্কারে মনোনীত হয়। পরবর্তীতে পান্ডুলিপির বেশকিছু কবিতা নিয়ে সমালোচনা ও বিতর্ক হওয়ার কারণে পুরস্কারটি কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেন। পরবর্তীতে প্রকাশনা সংস্থা চৈতন্য থেকে বইটি প্রকাশিত হওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়।