আগামী সপ্তাহের মধ্যেই একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনার কথা জাতিসংঘের দুটি সংস্থাকে জানিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জাতিসংঘের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নকে (আইটিইউ) এ পরিকল্পনার কথা জানানো হয়েছে বলে সংস্থা দুটি জানিয়েছে।
এ পরিকল্পনা সফল হলে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে উত্তর কোরিয়া বেশ এগিয়ে যাবে। এর আগে ৬ জানুয়ারি দেশটি চতুর্থবারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে করা এক ইমেইলে আইএমও মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে পৃথিবী পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ ‘কাওয়াংমায়ংসং’ উৎক্ষেপণের কথা আমাদের জানানো হয়েছে।
আইটিইউ জানায়, উত্তর কোরিয়া একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কথা জানিয়ে সেটি চার বছর ধরে কাজ করবে এবং সেটির কক্ষপথ নন-জিওস্টেশনারি হবে বলেছে। উত্তর কোরিয়ার পাঠানো তথ্য ‘অসম্পূর্ণ’ ছিল এবং তারা আরো তথ্যের জন্য যোগাযোগ করছেন বলে জানিয়েছে আইটিইউ। চলতি মাসে উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের এই পরিকল্পনার সংবাদে দেশটির বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
৬ তারিখে করা পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে আলোচনা চলার মধ্যেই আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেছেন, উত্তর কোরিয়াকে দ্রুত ও কঠোর একটি বার্তা দেওয়ার দরকার জাতিসংঘের। রয়টার্স।