২০১৬ সালের মধ্যে নিজেদের ১৫ শতাংশ কর্মী কমিয়ে ফেলার ঘোষণা দিয়েছে ইয়াহু। নিজেদের লাভ ফিরিয়ে আনতেই তারা এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।
আর এজন্য বছর শেষে তাদের কর্মী সংখ্যা থাকবে নয় হাজার। এক বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ম্যারিসা মেয়ার জানান, গত বছর ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে ই্য়াহু। এজন্যই তাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।
তিনি বলেন, এতে করে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। মেয়ারের এই পদক্ষেপে প্রতিষ্ঠানটি আবারও ফেসবুক কিংবা গুগলের সঙ্গে প্রতিযোগিতায় ফিরে আসবে বলেই আশা করা হচ্ছে।
এর আগে ডিসেম্বরে ইয়াহু ঘোষণা দিয়েছিল যে তারা চীনা ইকমার্স প্রতিষ্ঠান আলিবাবা’র কাছে শেয়ার বিক্রির বিষয়টি আবারও খতিয়ে দেখছে। এরপর নতুন বছরে নতুন এই ঘোষণা দিয়ে বসলো ইয়াহু। বিবিসি