একটি রহস্যময় বই আর রুম নম্বর ২০৪। প্যারাসাইকোলজি কীভাবে কাহিনির স্তরে স্তরে সাজানো যায়, গল্পের বুনন কীভাবে সেই রহস্যের ধুম্রজালকে আরো জটিল করে তুলতে পারে, তা-র গাঁথুনি দেখতে পাওয়া যায় গল্পটির ছত্রে ছত্রে।
চুনমুখো চাঁদনীর মধ্যে সুন্দরবনে শীতের রাতে যে ঘটনা ঘটে গেল- তা কেবল কল্পনায় নির্মাণ করা সম্ভব নয়। ফাইল সই, নগরীয়, আমিরুল ও একটি বিল বোর্ড, ব্যাচেলর্স হোম, ভাবি যখন আহমেদকে খুঁজে পেল, শাহীমুনের প্রেম-পুরুষ কিংবা চাই মে প্রু- প্রতিটি গল্পের আদল, উপমা, প্রতীকীরূপ এক অভাবিত বিচিত্র ভিন্নসুরে ছাপিয়ে গেছে একে অন্যকে।
বলা যায়, এই গল্প সংকলনের নয় কাহিনি শুধু কাহিনি নয়। মানব চরিত্রে আঙিনায়, অলিন্দে, অন্দরমহলে যেভাবে উঁকি মেরেছেন গল্পকার জামাল উদ্দীন তার উদাহরণ খুব সহজদৃষ্ট নয়। যে মানসিক জটিলতায়, বিস্ময় ও বিপন্নতায় টেনে নিয়ে যাওয়া হয়েছে এই নয়টি কাহিনিকে, তার নেপথ্যে রয়েছে যেসব মনস্তত্ত্ব- তার নিপূণচিত্রের প্রকাশ এই গল্পগ্রন্থের মতো আর কি কোথাও হয়েছে? পাঠকের কল্পনার ফানুস এসব গল্পপাঠের ভেতর দিয়ে উড়তে থাকবে বিচিত্র রহস্যময় সব আসমানে। পাঠককে আহ্বান জানাই সেই অদেখা আকাশে অবারিত ডানায় ভেসে বেড়াবার।
গল্পকার জামাল উদ্দীনের লেখালেখিতে আত্মনিয়োগ ছোটবেলা থেকেই। লিটল ম্যাগাজিন আর দৈনিক পত্রিকার সাময়িকী পাতায় প্রকাশ নব্বই দশকের শুরুতেই। নিজস্ব লিখনশৈলী, চিন্তা-চেতনায় ব্যতিক্রম। স্বকীয়তা আর বিষয়-বৈচিত্র্যে ভরা গল্পের জন্য পাঠক সমাদৃত।
জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক সদস্য লেখক সম্মাননা প্রাপ্ত। যুক্ত ছিলেন লিটল ম্যাগাজিন সম্পাদনা আর কথাসাহিত্য কেন্দ্রের সঙ্গে। দেশে জাতীয় পর্যায়ে প্রথম বারের মত অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের গল্প উৎসবের আহ্বায়ক ছিলেন। মঞ্চে গল্প উপস্থাপনার নতুন মাধ্যম ‘স্টোরি থিয়েটার’সহ গল্পের নানা ফর্ম নিয়েও কাজ করেছেন।
পেশায় সাংবাদিক। কাজ করছেন দৈনিক ইত্তেফাকে, অর্থনৈতিক সম্পাদকের পদে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতার অভিজ্ঞতা আর নেতৃত্বেও ছিলেন বিভিন্ন সংগঠনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক। ২০১৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। লেখকের প্রকাশিত গল্পগ্রন্থের মধ্যে ‘ফাগুন কিংবা মেঘসন্ধ্যা’ প্রথম প্রকাশ হয় বইমেলা ২০০৪ তে। এর প্রকাশক ডেফোডিল পাবলিকেশন্স লি। দ্বিতীয় মুদ্রণ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে। এ ছাড়া লেখকের ‘আজ রাতে পার্টি হবে না’ বইটি ২০১৩ সালের বইমেলায় প্রকাশ হয়। এর প্রকাশক সাকী পাবলিশিং ক্লাব।