জানুয়ারিতে ৪৮ কোটি টাকার অবৈধ পন্য জব্দ করেছে বিজিবি

 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৪৮ কোটি ৫৫ লক্ষ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে। এছাড়া অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা তিন শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজিবি সূত্র জানায় জব্দকৃত মালামালের মধ্যে ২ লাখ ২৯ হাজার ৬১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ হাজার ২৯২ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৪২ কেজি গাঁজা, ২৫ হাজার ৫০৭ বোতল বিদেশি মদ, ১৫ হাজার ৪৪০ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ১ হাজার ৭৪৩ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২৬ লাখ ৮০ হাজার ৬৪৮ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেটসহ বিভিন্ন মাদক দ্রব্য রয়েছে।
 
এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান পণ্যের  মধ্যে ১০ হাজার ৪১৬ টি শাড়ি, ৭ হাজার ৪৩৯ টি থ্রিপিস-শার্টপিস, ২৩ হাজার ২৮৪ মিটার থান কাপড়, ৫ হাজার ৫৫ টি তৈরি পোশাক, ১১ হাজার ৯৫৭ সিএফটি কাঠ, ১টি কষ্টি পাথর এবং ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ রয়েছে। বিজিবি ৪টি পিস্তল, ২টি বন্দুক এবং ৭ রাউন্ড গুলিও উদ্ধার করেছে।
 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৪১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া গত মাসে সীমান্ত পথে ২২০ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।