স্বাভাবিক জীবনে ফেরার আশায় ‘বৃক্ষ মানব’

 
বাংলাদেশে ‘বৃক্ষ মানব’ নামে পরিচিত বিরল এক রোগে আক্রান্ত ব্যক্তির চিকিত্সার জন্য পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া শুরু করেছেন চিকিত্সকরা। আক্রান্ত ব্যক্তিটির রক্ত এবং চামড়ার নমুনা আগামী সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণাগারে পাঠানো সম্ভব হবে বলে চিকিত্সকরা আশাবাদী। এর পাশাপাশি বাংলাদেশেও তার পরীক্ষা-নিরীক্ষা হবে। উভয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল চিকিত্সা শুরু হবে।
 
চিকিত্সকরা বলেছেন, আবুল বাজানদার নামের ২৫ বছরের এই যুবক বিশ্বে তৃতীয় ব্যক্তি, যিনি এ ধরনের বিরল রোগে আক্রান্ত হয়েছেন। তিনি গত প্রায় এক দশক যাবত এই রোগে ভুগছেন। এর ফলে তার দুই হাত এবং পায়ের কিছু অংশ বিকৃত হয়ে অনেকটা গাছের শেকড়ের মতো রূপ নিয়েছে।
 
এর আগে ইন্দোনেশিয়ায় দু’জন ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছিলেন। যে দু’জন চিকিত্সক তাদের চিকিত্সা করেছেন তাদের একজন বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং অন্য জন জাপানে আছেন। এই দু’জনের সাথে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিত্সকরা।
 

ঢাকা মেডিকেল কলেজের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মায়ের পাশে আবুল বাজানদার। আবুল বাজানদারের সুস্থতার বিষয়ে চিকিত্সকরা আশাবাদী। অন্যদিকে নিজের সুস্থতার ব্যাপারেও আত্নবিশ্বাসী আবুল বাজানদার। তিনি বলেন, ‘হাসপাতালে আসার পর খুবই ভালো লাগছে। মনে এইটুকু শক্তি আসছে যে আমি স্বাভাবিকভাবে সুস্থ হতে পারবো। আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো।’