চীনের এক সাবেক আঞ্চলিক পুলিশ প্রধানের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। ঝাও লিপিং নামের এই সাবেক পুলিশ প্রধান তার বান্ধবীকে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দেশটির মামলা সংক্রান্ত শীর্ষ সংস্থা একথা জানায়।
সুপ্রিম পিপলস প্রকিউরেটরেট এক বিবৃতিতে জানিয়েছে, ঝাও লিপিং (৬৪) নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে হত্যা, ঘুষ গ্রহণ এবং আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগ আনা হয়েছে। ২০১২ সালে অবসরে যাওয়ার আগে ঝাও সাত বছর ইনার মঙ্গোলিয়ার পুলিশ প্রধান ছিলেন। এছাড়াও তিনি উত্তরাঞ্চলীয় সরকারের উপ-প্রধান ছিলেন।
এর আগে চীনের সংবাদমাধ্যম জানায়, ২৮ বছর বয়সী এক নারীকে হত্যার অভিযোগে গত বছর চিফেংয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গে ওই নারীর অন্তরঙ্গ সম্পর্ক ছিল। ওই নারী ঝাওয়ের অপকর্মের কথা ফাঁস করে দিতে চাইলে তাকে হত্যা করা হয়।
ঝাও ওই মহিলাকে দুবার গুলি করার পর তিনি বেঁচে যান। তিনি ঝাওয়ের কাছ থেকে পালিয়ে যেতে চেষ্টা করেন। ঝাও গাড়িতে করে ওই নারীর পিছনে ধাওয়া করে তার মাথায় গুলি করেন।
সুপ্রিম পিপলস প্রকিউরেটরেট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইচ্ছাকৃতভাবে একজনকে হত্যা করেছেন’ বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও তার বিরুদ্ধে ইনার মঙ্গোলিয়ার পুলিশ প্রধান হিসেবে ক্ষমতা অপব্যবহার করে অবৈধ উপায়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, তিনি আইন লংঘন করে বন্দুক, গুলি ও বিস্ফোরক দ্রব্য রাখেন। এএফপি