টিসিএ কার্যালয়ে বঙ্গবন্ধু'র প্রতিকৃতি স্থাপন

প্রথমবারের মত বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাঠালবাগান সি আর দত্ত রোডের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

প্রধান অতিথির বক্তৃতায় আশরাফুল আলম খোকন বলেন, ক্যামেরা সাংবাদিকরা শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করে আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। যারা জাতির জনককে বিতর্কিত করতে চায়, ইতিহাস থেকে মুছে ফেলতে চায় সেইসব ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের এই ভূমিকা দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ সময় সংগঠনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহে আলম জেমসসহ সংগঠনের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।