মায়ের নামে গড়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সকালে গাজীপুরের কাশীমপুর তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে যান। সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
 
সেখানে প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে স্বাস্থ্য চেকআপের জন্য রেজিস্ট্রেশন করেন ও ফি পরিশোধ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এসব তথ্য জানায়। 
 
হাসপাতালে পৌঁছালে এর সিইও জয়তুন সোলায়মান ও ডিরেক্টর আরিফ মাহমুদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে হাসপাতালের দ্বিতীয় তলায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
 
দেশের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য চেকআপ শুরু হয়।
 
এরপর নাক কান গলা বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রধানমন্ত্রীর নাক, কান ও গলা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করেন।
 
চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
 
এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন ডা. ওয়াজিহা আক্তার জাহান, ডা. বনজবা ও ডা. শাহানা ফেরদৌস। 
 
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা ছাড়াও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
 
২০১৩ সালের ১৮ নভেম্বর মালেশিয়ার প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে এ হাসপাতালটি যাত্রা শুরু করে।