উন্নয়ন এখন রেলের ট্র্যাকে: আইনমন্ত্রী

উন্নয়ন এখন রেলের ট্র্যাকে উঠে গেছে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা চলতেই থাকবে। নিজের টাকায় আমরা পদ্মা সেতু করছি। টাকা দেয়ার জন্য বিভিন্ন দেশ ঘুড়ছে।
 
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠা করতে পারে। জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে ৫০ শতাংশ বাংলাদেশ সেনাবাহিনী। তবে যুদ্ধ করলে বাংলাদেশ কি করতে পারে তার প্রমাণ ৭১।
 
বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, এক সময় পাকিস্তান খুব ভালো ক্রিকেট খেলতো। সে সময় ১২ নম্বর বা একস্ট্রা খেলোয়ার হিসেবে পূর্ব পাকিস্তান থেকে একজনকে হয়তো নেয়া হতো কিন্তু আজ বাংলাদেশ ক্রিকেট সারাবিশ্বে মর্যাদার আসনে। এটা হলো স্বাধীন বাংলাদেশ প্রাপ্তির লাভ।
 
এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মন দিতে বলেন। তিনি বলেন, একসময় অন্ধকার থাকতো বেশিক্ষণ, আলো থাকতো স্বল্পক্ষণ কিন্তু সেযায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ১৪ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করে। চাহিদার থেকে বেশি খাদ্য উৎপাদন করে রপ্তানি করছে।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নওয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, আইনমন্ত্রী একান্ত সহকারি রাশেদুল কায়সার জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।