'৭০ জন ভূয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত'

 
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণের অপরাধে সত্তুর জনকে কারাদণ্ড প্রদান করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক পরিচালিত এ পরীক্ষায় সত্তুর জন ভূয়া পরীক্ষার্থীকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সোহেল।
 
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সোহেল জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদফতরের ৩য় ও ৪র্থ শ্রেণির ১১ ক্যাটেগরির ১৫৭৮ টি শূন্যপদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক পরিচালিত জনবল নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী ও মোবাইল ফোনের এসএমএস জালিয়াতির অপরাধী মোট ৭৬ জন  মোবাইল কোর্টে ধরা পড়ে। এদের মধ্যে ৭০ জনকে পনের দিনের কারাদণ্ড প্রদান করে ঢাকা কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়েছে। ৬ জন অপরাধীকে অধিকতর তদন্তের মাধ্যমে অপরাধের মূল হোতা বা কারণ নির্ণয়ের জন্য শাহবাগ থানায় প্রেরণ করা হয়েছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র ডিরেক্টর অধ্যাপক ড. সাইফুল মজিদ জানান, আজ শুক্রবার রাজধানীর ২৮ টি কেন্দ্রে এ পরীক্ষা পরিচালনা করা হয়। পরীক্ষা নিবিড়ভাবে তদারকির জন্য কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়। অপরাধীদের তাৎক্ষণিক শাস্তির জন্য ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সকল ধরণের নিয়োগ ও ভর্তি পরীক্ষায় সকল ধরণের জালিয়াতি, ভূয়া পরীক্ষার্থী , মোবাইল ফোনে এসএমএস জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
 
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সোহেল আরো জানান, বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা ও দ্রুত বিচার নিশ্চিতের জন্য ঢাকা জেলা প্রশাসনের এ ধরণের ভ্রাম্যমান আদালত আরো জোরদার ও শক্তিশালি করা হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র শিক্ষক খালেদ মাহমুদ, ইকবাল আহমেদ, ফারহান ইমতিয়াজ এবং আরো অনেকে।