ভারতের সঙ্গীতশিল্পী সনু নিগমকে বিমানের অ্যানাউন্সমেন্ট সিস্টেমে গান গাইতে দেয়ায় পাঁচ বিমানকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে জেট এয়ারওয়েজ। গত মাসে সোশ্যাল মিডিয়ায় সনু নিগমের এই ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছিল।
জানুয়ারির ৪ তারিখে যোধপুর থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের ওই বিমান যাত্রায় যাত্রীরা সনু নিগমকে গান গাইতে অনুরোধ করলে তিনি দুটি জনপ্রিয় গান যাত্রীদের গেয়ে শোনান। এর জন্য তাকে বিমানের মাইক সিস্টেম ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। আর এই কারণেই ক্রুদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো বিমান কর্তৃপক্ষ।
IMG0
বিমান কর্তৃপক্ষ বলছে, বিমানের ওই অ্যানাউন্সমেন্ট সিস্টেম যাত্রীদের নিরাপত্তামূলক তথ্য জানানোর জন্য, মনোরঞ্জনের জন্য নয়। শাস্তি পাওয়া ওই বিমানকর্মীদের 'সংশোধনের জন্য প্রশিক্ষণ' দেয়ার কথাও জানিয়েছে জেট এয়ারওয়েজ। এব্যাপারে সুন নিগমের বক্তব্য, যাত্রীদের মধ্যে 'আনন্দ ছড়িয়ে দেয়ার' সুযোগ করে দেয়ার অপরাধে বিমান কর্মীদের শাস্তি পেতে হয়েছে। তার মতে 'এটা আসলে অসহিষ্ণুতা।'
ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মহেশ শর্মা জেট এয়ারওয়েজের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বিমানের মাইক সিস্টেম অনুমোদিত কর্মী এবং ক্যাপ্টেনই শুধু ব্যবহার করতে পারেন। সূত্র: বিবিসি